সারাবাংলা২ মে, ২০২৬ | রাত ১২:৫৭
নরসিংদীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
লেখক: নরসিংদী জেলা প্রতিনিধি

শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাস্থ্যসম্মত কর্মক্ষেত্র নিশ্চিত করার প্রত্যয়ে নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তোলা এবং শারীরিক-মানসিক সুস্থতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে মালিক-শ্রমিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শুরুর আগে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।






