সেশনজট বন্ধে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া ঢেলে সাজানো হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত সময় নষ্ট না হওয়ার আশ্বাস।
গাজীপুর প্রতিনিধি

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট বন্ধে ভর্তি কার্যক্রম নতুনভাবে সমন্বয় করা হবে। শিক্ষার্থীদের জীবন থেকে যেন অতিরিক্ত দুই বছর ঝরে না পড়ে, সে লক্ষ্যেই শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।
বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে ‘আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সেশনজট যেন বন্ধ হয়ে যায়, আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি চালু করবো। আমাদের টার্গেট থাকবে একাডেমিক ক্যালেন্ডার ৩১ ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করা।
তিনি আরও বলেন, বিগত সময়ে শিক্ষা খাতে যে অব্যবস্থাপনা তৈরি হয়েছে, তা ধীরে ধীরে সমাধান করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কারণে কোনো শিক্ষার্থীর জীবন থেকে অতিরিক্ত সময় নষ্ট হোক, তা সরকার চায় না।
মন্ত্রী জানান, শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও সমন্বিত করতে ধাপে ধাপে বিভিন্ন কার্যক্রম সিঙ্ক্রোনাইজ করা হচ্ছে।
অনুষ্ঠানে তিনি আইইউটির মানসম্মত গ্র্যাজুয়েট তৈরিতে ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং দেশের উচ্চশিক্ষায় উৎকর্ষতা অর্জনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম ও উপ-উপাচার্য হোসাইন আরাবি নুর।
এর আগে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের তৈরি গাড়ি ও বিভিন্ন প্রযুক্তিপণ্য ঘুরে দেখেন। পরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেন। পাশাপাশি একাডেমিক উৎকর্ষতা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান করেন।






