নবাগত জেলা প্রশাসকের পীরগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
উন্নয়ন, আইনশৃঙ্খলা ও জনসেবার মানোন্নয়ন নিয়ে প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধীজনদের মতামত প্রদান।
মোঃ আরফান আলী

ঠাকুরগাঁওয়ের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক পীরগঞ্জ উপজেলায় বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১১টায় পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। সভা শুরুর আগে নবাগত জেলা প্রশাসককে উপজেলা পরিষদ চত্বরে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল হাই সরকার, সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা পীরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা, কৃষি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভা শেষে উপজেলা চত্বরে সংসদ সদস্য, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা যৌথভাবে চারটি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।






