শ্রীমঙ্গলে নারীদের স্বাবলম্বী করতে হাঁসপালন প্রশিক্ষণ ও ৫০০ হাঁসের বাচ্চা বিতরণ
ব্র্যাকের উদ্যোগে চা শ্রমিকসহ ৫০ নারী ক্ষুদ্র ঋণগ্রহীতাকে প্রশিক্ষণ; বিকল্প আয়ের পথ তৈরি ও জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন।
এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারীর ক্ষমতায়ন, বিকল্প আয়ের উৎস সৃষ্টি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে ২০২৬) ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ব্র্যাকের শ্রীমঙ্গল অঞ্চলের আওতাধীন শ্রীমঙ্গল সদর, সাতগাঁও, সিন্দুরখান ও শিববাড়ি শাখার চা শ্রমিকসহ ৫০ জন ক্ষুদ্র ঋণগ্রহীতাকে নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাঁসের বাচ্চা পালন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা জানান, অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা হাঁস পালন করে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করবেন। পাশাপাশি গ্রামের অন্যান্য নারীদেরও এ কাজে উদ্বুদ্ধ করবেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৫০ জন সদস্যের প্রত্যেককে ১০টি করে মোট ৫০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, স্থানীয় ব্যবস্থাপনার মাধ্যমে মাসিক ভিত্তিতে প্রকল্পটির অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি সদস্যদের প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও পরামর্শ প্রদান অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ আতিকুল আলম, মোঃ জিয়াউর রহমান, গৌড় কান্তি বিশ্বাস এবং শামীম আক্তার হোসেন। এছাড়াও রেডিও পল্লীকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ব্র্যাকের স্থানীয় ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সদস্যরা ব্র্যাকের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।






