দেবীগঞ্জে ডেঙ্গু সচেতনতা র্যালি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র্যালি; জমে থাকা পানি অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান।
রেজাউল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১১টায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবু নোমান ইফতেখারুল তৌহিদ এবং মেডিকেল অফিসার ডা. বিমল কুমার দেবনাথসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বিস্তার রোধে বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। ঘরবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তারা।
উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে আরও সচেতন করতে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।






