উপজেলা সম্মেলন সফল করতে নরসিংপুরে তালামীযের মতবিনিময় সভা
নরসিংপুরে শাখা প্রতিনিধিদের অংশগ্রহণে প্রস্তুতি সভা, সম্মেলনের সার্বিক সফলতায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়।
আহমদ বিলাল খান

উপজেলা সম্মেলন আমাদের সাংগঠনিক শক্তি, ঐক্য ও আদর্শিক চেতনার প্রতিফলন। সম্মেলনের সফলতার মধ্য দিয়েই সংগঠনের ভবিষ্যৎ পথচলা আরও সুদৃঢ় হবে। তাই সবাইকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান।
আগামী ৯ জুন অনুষ্ঠিতব্য উপজেলা সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার নরসিংপুর বাজারস্থ কাজী অফিসে দোয়ারা (পূর্ব) উপজেলা তালামীয ইসলামিয়া ও আওতাধীন বিভিন্ন শাখার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় দোয়ারাবাজার পূর্ব উপজেলা তালামীযের সভাপতি সাইদুল হাসান শাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈম আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারাবাজার পশ্চিম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. মুজিবুর রহমান এবং মাওলানা মাসুম আহমদ, লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারাবাজার পূর্ব উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাছুম আহমদ, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ প্রশিক্ষণ সম্পাদক লালন আহমদ রাজু। এছাড়াও উপজেলার বিভিন্ন শাখার প্রতিনিধি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামীকালের উপজেলা সম্মেলনের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম, শৃঙ্খলা রক্ষা, অতিথি আপ্যায়ন এবং সম্মেলনকে সুষ্ঠু ও সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সম্মেলন একটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ মাধ্যম। এজন্য সম্মেলনের প্রতিটি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান বলেন, সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মেলনের গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজনের মাধ্যমে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয় এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি হয়। তিনি সম্মেলনের সার্বিক সফলতার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে উপজেলা সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন এবং এর সফল বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।






