অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার আব্দুল বাছিত খানের
শ্যামল বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময়; প্রান্তিক জনগোষ্ঠী, কৃষক ও সাধারণ মানুষের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি।
আহমদ বিলাল খান

দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের শ্যামল বাজারে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান।
সোমবার (১ জুন) রাতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। দীর্ঘদিন ধরে অনেক মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মাওলানা শহিদ উল্লাহ, মাওলানা সুমন আহমদ জালালি, ক্বারী মুহাম্মদ আলা উদ্দিন, শ্যামল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নজির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। তিনি বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করা সময়ের দাবি।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে তিনি এলাকার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে সকলের দোয়া ও সহযোগিতা চান।






