কাপ্তাইয়ে বন্যপ্রাণী সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি
বন বিভাগ ও বন্যপ্রাণী সুরক্ষা টিমের যৌথ উদ্যোগে সাপ্তাহিক হাটে মাইকিং, প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ; বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান।
কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বন্যপ্রাণী সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক হাটবারে প্রচার-প্রচারণা, মাইকিং ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১১টায় কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাট সাপ্তাহিক হাটে বন্যপ্রাণী সুরক্ষা প্রকৃতি দল, বন্যপ্রাণী উদ্ধার দল এবং বন বিভাগের যৌথ উদ্যোগে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় হাটে আগত ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয় এবং লিফলেট বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান বলেন, বন ও বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, বন্যপ্রাণী আমাদের বনজ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বন উজাড় ও নানা কারণে ইতোমধ্যে অনেক বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে। তাই বিদ্যমান বন্যপ্রাণীগুলোকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
এ সময় লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণায় অংশ নেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই রেঞ্জ সদর বিট কর্মকর্তা আবু নাঈম, জীববৈচিত্র্য সংরক্ষণ কাপ্তাই উপজেলা কর্মকর্তা বকুল তঞ্চঙ্গ্যা, ইউপি সদস্য মহিন উদ্দিন, আবুল হোসেন, দুলাল চন্দ্র দাশসহ বন্যপ্রাণী সুরক্ষা টিমের সদস্যরা।
বক্তারা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণীর গুরুত্ব অপরিসীম। বন্যপ্রাণী নিধন ও অবৈধ বেচাকেনা রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাট সাপ্তাহিক হাটে বন্যপ্রাণী সুরক্ষায় সচেতনতামূলক প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করছেন বন বিভাগ ও বন্যপ্রাণী সুরক্ষা টিমের সদস্যরা।






