শ্রীমঙ্গলে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের সাতগাঁও চৌমুহনী এলাকায় ভোরের দুর্ঘটনা; ফায়ার সার্ভিসের উদ্ধার শেষে হাসপাতালে মৃত্যু।
এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) ভোরে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের সাতগাঁও চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম শ্রীমঙ্গল (লালবাগ) এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ভোর প্রায় ৫টার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক লোকমান হোসেন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দুর্ঘটনার পর বাস ও পিকআপ ভ্যানটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সাতগাঁও হাইওয়ে পুলিশ।
লোকমান হোসেনের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






