শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় আহত বিপন্ন প্রজাতির চিতা বিড়াল উদ্ধার
ভানুগাছ সড়কে দুর্ঘটনায় আহত হয়ে পড়ে ছিল বিরল প্রজাতির ‘লেপার্ড ক্যাট’; প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার চেষ্টা চলছে।
এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় আহত একটি বিপন্ন প্রজাতির চিতা বিড়াল (লেপার্ড ক্যাট) উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়ামের সামনে চলন্ত গাড়ির ধাক্কায় আহত হয়ে সড়কের পাশে পড়ে ছিল প্রাণীটি।
স্থানীয় বাসিন্দা জাহান আহমেদ ও মোহাম্মদ মিলন আহত অবস্থায় চিতা বিড়ালটি দেখতে পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। পরে খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও নিরব নাগ ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে উদ্ধার করেন।
উদ্ধারের পর তারা আহত চিতা বিড়ালটিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার হওয়া প্রাণীটি বিপন্ন প্রজাতির চিতা বিড়াল (Leopard Cat)। দুর্ঘটনায় এটি গুরুতর আহত হয়েছে। শুক্রবার হওয়ায় উপজেলা ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসক পাওয়া যায়নি। তবে প্রাণীটিকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, প্রাণীটি কিছুটা সুস্থ হলে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।






